বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
২০২৮ সালের মধ্যে চীনের এআই চিপ বাজারের ৮৮ শতাংশ দখলের পথে দেশীয় প্রতিষ্ঠান
যুক্তরাষ্ট্রের একের পর এক রপ্তানি নিষেধাজ্ঞা ও ভূরাজনৈতিক চাপের মুখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। উন্নত প্রযুক্তির চিপ আমদানিতে মার্কিন বিধিনিষেধের প্রভাব কাটিয়ে নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করছে বেইজিং। এরই ধারাবাহিকতায় ২০২৮ সালের মধ্যে চীনের অভ্যন্তরীণ এআই চিপ বাজারের ৮৮ শতাংশ দেশীয় প্রতিষ্ঠানগুলোর দখলে চলে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) এক প্রতিবেদনে ইউবিএসের সাম্প্রতিক গবেষণার বরাতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, চীনের এআই চিপ বাজারে স্থানীয় নির্মাতাদের আধিপত্য প্রতিষ্ঠিত হলে দেশটির প্রযুক্তি খাতে বড় ধরনের পরিবর্তন আসবে। একই সঙ্গে বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার জন্য চীনের বাজারে ব্যবসা ধরে রাখা আরও কঠিন হয়ে উঠতে পারে।
ইউবিএস সিকিউরিটিজের বিশ্লেষণ অনুযায়ী, চীনের অভ্যন্তরীণ এআই অ্যাক্সিলারেটর চিপের বাজার আগামী কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে। প্রতিষ্ঠানটির পূর্বাভাস বলছে, ২০২৭ সালের মধ্যে চীনের স্থানীয় চিপ নির্মাতারা দেশটির মোট বাজারের ৮৩ শতাংশ দখলে নিতে পারে। পরবর্তী বছর অর্থাৎ ২০২৮ সালে এই বাজার অংশীদারত্ব বেড়ে ৮৮ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর অর্থ, আগামী কয়েক বছরের মধ্যেই চীনের এআই চিপের বাজারে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হতে পারে দেশীয় নির্মাতারা।
শুধু বাজারের অংশীদারত্ব নয়, চীনের দেশীয় এআই চিপ উৎপাদনেও বড় ধরনের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ইউবিএস। ব্যাংকটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে চীনের স্থানীয় এআই অ্যাক্সিলারেটর চিপের বার্ষিক সরবরাহ ছিল প্রায় ১৭ লাখ ইউনিট। ২০৩০ সাল নাগাদ তা বেড়ে ১ কোটি ৪ লাখ ইউনিটে পৌঁছাতে পারে। অর্থাৎ মাত্র পাঁচ বছরের ব্যবধানে দেশীয় চিপের সরবরাহ প্রায় ছয় গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক মূল্যের হিসাবে ২০৩০ সালের মধ্যে চীনের অভ্যন্তরীণ এআই চিপের বাজার প্রায় ২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছাতে পারে বলে ধারণা করছে সুইস বিনিয়োগ ব্যাংকটি।
চীনের এই এআই চিপ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশটির দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যামব্রিকন টেকনোলজিস ও বিরেন টেকনোলজি। ইউবিএসের প্রতিবেদনে প্রতিষ্ঠান দুটিকে সম্ভাবনাময় স্থানীয় চিপ নির্মাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে পারলে প্রতিষ্ঠান দুটি চীনের এআই চিপ শিল্পে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে পারবে।
তবে সম্ভাবনা থাকা সত্ত্বেও চীনের চিপ নির্মাতাদের সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে উন্নত প্রযুক্তির সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য প্রয়োজনীয় ফাউন্ড্রি সক্ষমতা এবং হাই-ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) সরবরাহের ঘাটতি দেশটির শিল্পের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। ইউবিএসের গবেষণায় বলা হয়েছে, ২০২৬ ও ২০২৭ সালে এসব গুরুত্বপূর্ণ উপাদানের সংকট আরও তীব্র হতে পারে। ফলে চীনা প্রতিষ্ঠানগুলোর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন এবং বাজারের চাহিদা পূরণে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ইউবিএসের বিশ্লেষকদের মতে, আগামী এক থেকে দুই বছরে এআই চিপ নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতার মূল নির্ধারক হবে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ ও উপাদানের সরবরাহ নিশ্চিত করার দক্ষতা। অর্থাৎ শুধু উন্নত প্রযুক্তির চিপ ডিজাইন করলেই হবে না, সেগুলো পর্যাপ্ত পরিমাণে উৎপাদন ও বাজারজাত করার সক্ষমতাও অর্জন করতে হবে। তবে দীর্ঘমেয়াদে সরবরাহসংক্রান্ত সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছে ব্যাংকটি। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের অভ্যন্তরীণ এআই চিপের চাহিদা ও সরবরাহের মধ্যে তুলনামূলক ভারসাম্য তৈরি হতে পারে।
অন্যদিকে, চীনের স্থানীয় চিপ নির্মাতাদের উত্থানের বিপরীতে দেশটির বাজারে ক্রমেই চাপে পড়ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। যুক্তরাষ্ট্রের কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ নীতির কারণে চীনে উন্নত এআই চিপ সরবরাহের ক্ষেত্রে নানা বাধার মুখে পড়ছে প্রতিষ্ঠানটি। ওয়াশিংটনের লক্ষ্য হলো, উন্নত মার্কিন প্রযুক্তি ব্যবহার করে চীনের এআই ও সামরিক সক্ষমতা যেন আরও শক্তিশালী হতে না পারে। এ কারণে চীনে সরাসরি চিপ বিক্রির পাশাপাশি তৃতীয় কোনো দেশের ডেটা সেন্টার বা ক্লাউড সেবার মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোর উন্নত মার্কিন চিপ ব্যবহারের সুযোগ সীমিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধের প্রভাবে চীন ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় এআই সার্ভার সরবরাহ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে এনভিডিয়া এবং এর সহযোগী সার্ভার নির্মাতা প্রতিষ্ঠান ডেল ও সুপারমাইক্রোকে সংশ্লিষ্ট বাজারগুলোতে সরবরাহ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মূলত তৃতীয় দেশের অবকাঠামো ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলো যাতে উন্নত এআই চিপের সুবিধা নিতে না পারে, সেটি নিশ্চিত করতেই মার্কিন প্রশাসন নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করছে।
এদিকে, এনভিডিয়ার চিপ বিক্রি নিয়েও যুক্তরাষ্ট্রে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিবন্ধিত এমন দুটি প্রতিষ্ঠানের কাছে এনভিডিয়া তাদের উন্নত এআই চিপ বিক্রি করেছে, যাদের প্রকৃত মালিকানা চীনা কোম্পানির হাতে রয়েছে। এ ধরনের লেনদেনের অভিযোগ এবং রপ্তানি নিয়ন্ত্রণ এড়ানোর আশঙ্কায় এনভিডিয়ার ওপর মার্কিন নীতিনির্ধারকদের নজরদারি আরও বেড়েছে।
অন্যদিকে, মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় চীনের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও নিজেদের অবকাঠামোয় দেশীয় চিপের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আলিবাবা ও টেনসেন্টের মতো প্রযুক্তি জায়ান্টগুলো নিজেদের ক্লাউড কম্পিউটিং ও এআই সেবা পরিচালনায় স্থানীয়ভাবে তৈরি চিপ ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। এতে একদিকে যেমন চীনের নিজস্ব চিপ শিল্পের বিকাশ ঘটবে, অন্যদিকে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতাও কমে আসবে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিয়ন্ত্রণ নীতি চীনের এআই চিপ শিল্পকে আরও দ্রুত স্বনির্ভরতার দিকে ঠেলে দিচ্ছে। তবে উন্নত উৎপাদন প্রযুক্তি, ফাউন্ড্রি সক্ষমতা এবং এইচবিএম সরবরাহের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠাই এখন চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ইউবিএসের পূর্বাভাস বাস্তবে রূপ নিলে ২০২৮ সালের মধ্যে চীনের এআই চিপ বাজারে দেশীয় প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হতে পারে, যা বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।