সারাদেশ
রোগী ও স্বজনের ছদ্মবেশে চমেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৩০
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যতিক্রমী অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোগী ও স্বজনের ছদ্মবেশে সাদাপোশাকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে অবস্থান নিয়ে দালাল চক্রের সদস্যদের শনাক্ত করেন এসআরবির সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৩০ জনকে আটক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। অভিযানের অংশ হিসেবে এসআরবির সদস্যরা রোগী ও তাঁদের স্বজন সেজে হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা, হাসপাতালের শয্যা ও চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়া এবং বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে তাঁদের আটক করা হয়।
এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে স্বল্প খরচে চিকিৎসা নিতে আসা অসহায় ও দরিদ্র রোগীদের টার্গেট করে প্রতারণা করে আসছিল দালাল চক্র। চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে চক্রের সদস্যরা নানা কৌশলে তাঁদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
তিনি বলেন, দালালরা কখনো ওষুধ সরবরাহের কথা বলে, কখনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে, আবার কখনো চিকিৎসকের সিরিয়াল কিংবা হাসপাতালের শয্যা পাইয়ে দেওয়ার কথা বলে রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে টাকা আদায় করত। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করে আসছিল।
এসআরবি-৭-এর অধিনায়ক আরও জানান, অভিযান পরিচালনার আগে কয়েক দিন ধরে সাদাপোশাকে ব্যাটালিয়নের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে ছদ্মবেশে অবস্থান করেন। এ সময় তাঁরা দালালদের গতিবিধি, রোগী ও স্বজনদের সঙ্গে তাদের কথাবার্তা এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের ভিডিও ধারণসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। সংগৃহীত তথ্য ও ভিডিও ফুটেজ যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই বৃহস্পতিবার মূল অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাওয়া তথ্য-প্রমাণ যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, এসআরবির পক্ষ থেকে হাসপাতালে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রমে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখা এবং রোগীদের হয়রানি ও প্রতারণা থেকে রক্ষা করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি এবং আর্থিক প্রতারণা থেকে রক্ষা করতে এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় দালাল চক্রের তৎপরতা বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।