সারাদেশ
২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর (বুধবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন। এদিন জেলার একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সফরকালে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা সফরসূচিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ওই সফরসূচিতে তাঁর যশোর ও কুষ্টিয়া সফরের বিস্তারিত কর্মসূচি উল্লেখ করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ২ ডিসেম্বর সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে দুপুর ২টায় কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি।
এরপর দুপুর ২টায় কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন এলাকায় গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন শীর্ষক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য সরকারের সামাজিক সুরক্ষা ও কৃষি সহায়তামূলক উদ্যোগের অংশ হিসেবে কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
এ ছাড়া একই সফরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এ কর্মসূচির মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের সম্মানী প্রদানের কার্যক্রমও তুলে ধরা হবে।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে ২ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কুষ্টিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।