সারাদেশ
আগরতলায় আওয়ামী লীগ নেতাদের আগমন, আখাউড়া সীমান্তে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা
পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এবং যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনের পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলায় পৌঁছানোর খবরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে সম্ভাব্য অনুপ্রবেশ ও নাশকতা ঠেকানোর কথা জানিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তাঁর সঙ্গে রয়েছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত থেকে আটজন নেতা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগরতলায় পৌঁছানোর পর বিকেলে প্রতিনিধি দলটির আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনের কথা রয়েছে। তবে তাদের এ সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে যেসব স্থলবন্দর ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে, আগরতলা-আখাউড়া স্থলবন্দর তার মধ্যে অন্যতম। এ কারণে আওয়ামী লীগ নেতাদের আগরতলায় পৌঁছানোর খবরকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলায় অবস্থান এবং আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনের সম্ভাব্য খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকেল ৪টা থেকে আখাউড়া স্থলবন্দর অভিমুখে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়। এরই মধ্যে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী স্থলবন্দর এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন বলে জানা গেছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সরকারের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেছেন। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী তিনটি উপজেলার যেকোনো একটি প্রবেশপথ ব্যবহার করে দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন বলে তাঁরা খবর পেয়েছেন। তাঁর দাবি, জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল দেশে প্রবেশ করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করতে পারে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীরা সীমান্ত এলাকায় অবস্থান করছেন। যাতে অবৈধভাবে কেউ বাংলাদেশে প্রবেশ করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য তাঁরা সতর্ক রয়েছেন।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের আগরতলায় আগমনকে কেন্দ্র করে আখাউড়া সীমান্ত এলাকায় বিএনপির নেতাকর্মীদের এমন অবস্থান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রতিনিধি দলটির বাংলাদেশে প্রবেশের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে তাদের আগমন ও সম্ভাব্য সফর ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।