সারাদেশ

একান্তে সময় কাটাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, ফোনালাপ ফাঁ'স


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

একান্তে সময় কাটাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, ফোনালাপ ফাঁ'স
ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির মধ্যকার একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হওয়ার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফোনালাপে ওসির পক্ষ থেকে ওই নারী নেত্রীকে নিজের বাসায় আসার আহ্বান, ঘুষ গ্রহণ এবং মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথোপকথন শোনা যায়।

ছড়িয়ে পড়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা উল্লেখ করে যুব মহিলা লীগ নেত্রীকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’ জবাবে কোনো সমস্যা হবে কি না, তা জানতে চান ওই নারী নেত্রী। তখন ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’

ফোনালাপের একপর্যায়ে ওই নারী নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলে অডিওতে শোনা যায়। এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ দেওয়ার পরও কেন তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলার আসামি করা হয়েছে, সে বিষয়েও দুজনের মধ্যে কথোপকথন শোনা যায়। তবে অডিওতে উঠে আসা ঘুষ লেনদেনের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

জানা যায়, দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। পরবর্তী সময়ে জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসি ও ওই নারী নেত্রীর মধ্যকার কথোপকথনের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওটি ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি ওসি ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, গ্রেপ্তারের পর থানা হাজতে থাকা অবস্থায় ওসি তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেছেন। এমনকি তাঁকে আলিঙ্গন করার অনুরোধও জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি এসব অভিযোগ তুলে ধরেন এবং ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। তবে ফোনালাপের অডিওতে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করেছেন তিনি। ওসির দাবি, ওই নারীকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পাশাপাশি পুলিশের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ফোনালাপের অডিও ছড়িয়ে পড়া, ঘুষ লেনদেনের অভিযোগ এবং থানা হাজতে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা তৈরি হয়েছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।