সারাদেশ
বারবার বিয়ের চাপ দেয়া সহ্য করতে না পেরে, প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করেন প্রেমিক
ময়মনসিংহের মুক্তাগাছায় বিয়ের জন্য বারবার চাপ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় আকিবুল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। নিহত কিশোরীর নাম জাকিয়া।
গ্রেপ্তার আকিবুল মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে তাকে আটক করা হয়। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার মুক্তাগাছা থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত জাকিয়ার সঙ্গে আকিবুলের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি জাকিয়া আকিবুলকে বিয়ের জন্য বারবার চাপ দিচ্ছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে এই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিবুলের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জাকিয়াকে তার নানার বাড়ির পেছন থেকে ডেকে নিয়ে যান। পরে কথা বলার একপর্যায়ে দুজন বাড়ি থেকে কিছুটা দূরে একটি খালের পাড়সংলগ্ন ধানখেতে যান। সেখানে বিয়ের বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় জাকিয়া আকিবুলকে চড় মারলে তিনি ক্ষুব্ধ হয়ে কিশোরীর গলা চেপে ধরেন। এতে জাকিয়া অচেতন হয়ে পড়েন। পরে তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আকিবুল। তবে এসব তথ্য পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া বলে জানানো হয়েছে।
হত্যাকাণ্ডের পর মরদেহ গোপন করার চেষ্টা করেন অভিযুক্ত আকিবুল। পুলিশের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি জাকিয়ার মরদেহ একটি মৎস্য খামারের পাশের ধানখেতের আইলে রেখে দুটি কলাগাছ দিয়ে ঢেকে দেন। এরপর ঘটনাস্থল থেকে চলে গিয়ে নিজ বাড়িতে ফিরে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যার পর নানার বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোরী জাকিয়া। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ১৮ নভেম্বর বেলা ১১টার দিকে দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া এলাকার একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরপরই জড়িত ব্যক্তিকে শনাক্ত করার মতো কোনো সুস্পষ্ট সূত্র পাওয়া যায়নি। তবে তদন্তের একপর্যায়ে নিহত কিশোরীর সঙ্গে আকিবুলের সম্পর্কের বিষয়টি পুলিশের নজরে আসে। পরে সোমবার তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানান তিনি।
ওসি আরও জানান, আকিবুলকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।