সারাদেশ

লক্ষ্মীপুরে আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

লক্ষ্মীপুরে আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলার আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যানে ওঠার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশে আঙুল উঁচিয়ে চোখ উপড়ে ফেলার হুমকি দেন। এ সময় প্রিজনভ্যান থেকে ‘জয় বাংলা’ স্লোগানও দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত মনিরুজ্জামান পাটওয়ারী জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। একই মামলায় আদালতে হাজির হওয়া রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, ওই দিন জামিন শুনানির জন্য মোট ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাঁদের কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যানে উঠে আঙুল উঁচিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

এপিপি আরও জানান, ঘটনার পরপরই বিএনপিপন্থী আইনজীবীরা এর প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা এ ধরনের হুমকির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং আদালত প্রাঙ্গণে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আদালত সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক মো. ওমর ফারুক রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে, চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৫ জন নেতাকর্মীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফ্যাসিবাদী কায়দায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জামিনে মুক্তি পেয়ে কিংবা আদালতে হাজিরা দিতে এসে তাঁরা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি আইনজীবীদেরও হুমকি দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনজীবীদের নিরাপত্তা এবং আদালতের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এসব ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।