জাতীয়
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্রের সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে আইনজীবীদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সেবার মানসিকতা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা দেশের বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট নিরসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন তাঁরা। পাশাপাশি আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, পেশাগত সমস্যা ও অন্যান্য দাবিদাওয়ার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে রাষ্ট্রপতি তাঁদের আশ্বস্ত করেন। এ সময় আইনজীবী সমিতির নেতারা সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি ওই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা স্মরণ করেন। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে আইনজীবীদের সহযোগিতা, আন্তরিকতা ও ভূমিকার কথা তুলে ধরেন তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আইনজীবী সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।
জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে মানবিক মূল্যবোধ বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুসংহত করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাষ্ট্রপতি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে গণতন্ত্রকে কেবল রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে এর চর্চা ও কার্যকর প্রতিফলন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে স্বাধীন ও কার্যকরভাবে দায়িত্ব পালনের পরিবেশ দিতে হবে। একই সঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো ধরনের দূরত্ব বা সমন্বয়হীনতা তৈরি হওয়া উচিত নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখা প্রয়োজন।
আইনজীবীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি আরও বলেন, আইনজীবীরা চাইলে সমাজ ও রাষ্ট্রের অনেক ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও সেবার মানসিকতা বজায় রাখার পাশাপাশি গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে তাঁদের আপসহীন অবস্থান থাকতে হবে।
এ সময় হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে আইনের শাসনের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থানের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তবে সবাই ঐক্যবদ্ধ ও সচেতন থাকলে তাদের কোনো অপচেষ্টা সফল হওয়ার সুযোগ থাকবে না।
রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে আইনজীবী সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।