রাজনীতি

‘পালিয়ে যাবো না বলেও যে চলে যায়, সে ‘আসি আসি’ বলেও আর আসবে না’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

‘পালিয়ে যাবো না বলেও যে চলে যায়, সে ‘আসি আসি’ বলেও আর আসবে না’
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে দেশের মানুষ তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উনার জন্য একবার বিমান পাঠাও, গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করে। এগুলো নাটক। উনি বলতো না সারাজীবন ‘আমরা পালিয়ে যাবো না’। পালিয়ে যাবো না বলে যে চলে যায় সে আসি আসি বলেও আর আসবে না।’

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘দিন শেষে সে (শেখ হাসিনা) আসবে না। এলে আমরা তাকে ওয়েলকাম করি। এলে তার জন্য ফুল নিয়ে যাব। বাংলাদেশের সব মানুষ যেয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায়ে দেবে।’

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, ‘আমরা চাই সে ফেরত আসুক। ফেরত এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এগুলো সব নাটক। আওয়ামী ধর্মে উজ্জীবিত কিছু লোক আছে, উনাদের জন্য এসব নাটক করে।’

তিনি আরও বলেন, ‘আসতে হলে বর্ডার চেক করতে হয়? মাদকের ডিলাররা বর্ডারের ফাঁক-ফোকর দিয়ে আসার জন্য রেকি করে। তাদের স্বভাবের মধ্যে স্মাগলিং আছে। দিন শেষে সে আসবে না। এলে আমরা তাকে ওয়েলকাম করি। এলে তার জন্য ফুল নিয়ে যাবো। বাংলাদেশের সব মানুষ যেয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায়ে দেবে।’