খেলা
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’
চুলের রং ও নতুন স্টাইল নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গ্রেমিওর বিপক্ষে ম্যাচের আগে চুলে ব্লিচ করিয়ে মাঠে নামায় তাকে ও তার কয়েকজন সতীর্থকে নিয়ে শুরু হয় আলোচনা। তবে ম্যাচে হারের পরও নিজের চুলের স্টাইল নিয়ে সমালোচনাকে পাত্তা দেননি সান্তোসের এই ফরোয়ার্ড। বরং সমালোচকদের উদ্দেশে বলেছেন, তারা ফুটবলই বোঝেন না।
গ্রেমিওর বিপক্ষে ম্যাচে চুলে ব্লিচ করে খেলতে নেমেছিলেন নেইমার। একইভাবে চুলের রং পরিবর্তন করেন তার সতীর্থ গাবিগোল, কৌতিনিয়ো, রোদিনেই ও আর্থার। ম্যাচের পর মিক্সড জোনে এক সাংবাদিক নেইমারের কাছে জানতে চান, চুলের এমন স্টাইল অহংকারের বহিঃপ্রকাশ কি না। প্রশ্নটি শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাবেক বার্সেলোনা তারকা।
নেইমার বলেন, ‘কে বলেছে এসব কথা? তারা সম্পূর্ণ ভুল। চুল কিছুই বদলায় না। আমি চুলে রং করিয়েছি, কিন্তু এর কোনো প্রভাব পড়েনি। সবাই নিজেদের চুলে রং করেছে। ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনারা তো দেখেছেন, আমরা ভালো খেলেছি। তাদের বিপক্ষে ভুলভাবে পেনাল্টি দেওয়া হয়েছিল।’
চুলের রং মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলে বলে যারা মনে করেন, তাদেরও সমালোচনা করেন নেইমার। তার ভাষায়, ‘এ ধরনের কথা যারা বলে, তারা ফুটবল বোঝে না। তারা আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কে জানে না। আমরা কী ভাবছি, সেটাও তাদের জানা নেই। নিজেদের ব্যাপারে আমরা কতটা কঠোর, তা-ও তারা বোঝে না।’
তবে সমালোচকদের মন্তব্য নিয়ে খুব বেশি ভাবতে চান না নেইমার। তিনি বলেন, ‘আমরা জানি, এ ধরনের মন্তব্য আসতেই থাকবে। কিন্তু এসব কথা বলে তারাই, যারা ফুটবল বোঝে না। এটা স্বাভাবিক। চুলে রং করলে কিছুই বদলে যায় না। আমি আমার চুল হলুদ, গোলাপি কিংবা সবুজ করতে পারি, এরপরও প্রতিটি ম্যাচে ভালো খেলতে পারব। আজ আমাদের শুধু শেষ মুহূর্তের নিখুঁত ফিনিশিং ও গোলের অভাব ছিল।’
ম্যাচের পরিসংখ্যানেও বল দখলে এগিয়ে ছিল সান্তোস। ৭১ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও জয়ের দেখা পায়নি নেইমারের দল। গ্রেমিওর চেয়ে বেশি শট নিলেও সেগুলো থেকে বড় কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা।
ম্যাচের ১৪ মিনিটে আমুজুর গোলে এগিয়ে যায় গ্রেমিও। এরপর ৭৭ মিনিটে মার্টিন ব্র্যাথওয়েটের গোলে সান্তোসের ঘুরে দাঁড়ানোর আশা কার্যত শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় নেইমারদের।