জাতীয়
স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন।
হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।
বিশেষ এই মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে আয়োজিত এই অনুশীলনকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত এক যুগেরও বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে বিশেষ এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার চূড়ান্ত অনুশীলন সরাসরি প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।