রাজধানী

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক যুবলীগ নেতা বাসের আলম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক যুবলীগ নেতা বাসের আলম
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বাসের আলম সিদ্দিকী আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, বাসের আলমের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে। তিনি ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র আরও জানায়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বাসের আলমের যোগাযোগ ছিল। যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে তার ভারতে যাতায়াতের তথ্যও রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন বলে জানা গেছে।