রাজধানী
মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বাসে আগুন, চালক-হেলপার পুলিশ হেফাজতে
রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বাসটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ইউনিট পাঠানো হচ্ছে।
এ বিষয়ে শাহ আলী থানার উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
তিনি আরও জানান, বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।