রাজধানী
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ৪৭৪
রাজধানীজুড়ে অপরাধবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১০৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৩ জন, উত্তরা বিভাগ থেকে ৫৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ৫০ জন, গুলশান বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৭ জন এবং রমনা বিভাগ থেকে ৪০ জন রয়েছেন। এ ছাড়া পৃথক অভিযানে গোয়েন্দা বিভাগ আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি, একটি রামদা, একটি অটোরিকশা ও ১১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা এবং পাঁচ বোতল দেশীয় মদ জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।