পরিবেশ-জলবায়ু

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান, দেশের ১০ জেলায় সতর্কতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান, দেশের ১০ জেলায় সতর্কতা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে এগোচ্ছে। উপকূলে পৌঁছানোর আগেই বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে উপকূলে আঘাত হানতে শুরু করেছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এর অবস্থান পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে।

এদিকে, বাংলাদেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

শুক্রবার ২০ নভেম্বর দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।