সারাবিশ্ব

ভারতের ঘাঁটিতে প্রথমবার সরাসরি গোলাবারুদ ব্যবহারের মহড়া দেবে জাপান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

ভারতের ঘাঁটিতে প্রথমবার সরাসরি গোলাবারুদ ব্যবহারের মহড়া দেবে জাপান
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত ও জাপান। এর অংশ হিসেবে ভারতের সামরিক প্রশিক্ষণক্ষেত্রে প্রথমবারের মতো সরাসরি গোলাবারুদ ব্যবহার করে সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে জাপানের প্রতিরক্ষা বাহিনী। প্রস্তাবিত এই মহড়ায় স্থলভাগ থেকে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টোকিওতে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শেষে এ বিষয়ে একটি আগ্রহপত্রে স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়।

চতুর্থ ভারত-জাপান ‘টু প্লাস টু’ বৈঠকে ভারতের পক্ষে অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে জাপানের প্রতিনিধিত্ব করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, প্রস্তাবিত সামরিক মহড়া বাস্তবায়নে দুই দেশের প্রতিরক্ষা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ও যোগাযোগ আরও বাড়ানো হবে। এর মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারিত হবে।

বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সমুদ্রের নিচে ব্যবহৃত বিশেষায়িত প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, সম্প্রতি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা-সংক্রান্ত সমঝোতাকে বাস্তব কার্যক্রমে রূপ দিতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধিতে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া দুই দেশের যুদ্ধজাহাজ মেরামতের অবকাঠামো ও সুবিধা পারস্পরিকভাবে ব্যবহারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। সমুদ্রে মাইন শনাক্ত ও অপসারণের সক্ষমতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছে উভয় দেশ। পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য সমন্বিত অ্যানটেনা ব্যবস্থা যৌথভাবে তৈরির প্রস্তাবিত চুক্তি দ্রুত চূড়ান্ত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

যৌথ বিবৃতিতে সামরিক মহড়ায় চালকবিহীন প্রযুক্তি ও বিভিন্ন স্বয়ংক্রিয় ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে স্বল্প সময়ের নোটিশে দুই দেশের যৌথ সামরিক অনুশীলন আয়োজনের সক্ষমতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন মন্ত্রীরা। এর পাশাপাশি সমুদ্রের তলদেশে উচ্চগতির যোগাযোগব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার নিরাপত্তা এবং মহাকাশ প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বিশ্বে চলমান দুটি বড় সংঘাতের প্রভাব শুধু সংশ্লিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকছে না, বরং তা দূরবর্তী বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য অংশীদারত্বের গুরুত্ব আগের তুলনায় অনেক বেড়েছে।

যৌথ বিবৃতিতে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ না করেই একতরফাভাবে বিদ্যমান পরিস্থিতি পরিবর্তনের প্রচেষ্টার বিরোধিতা করেছে ভারত ও জাপান। একই সঙ্গে নির্বিচারে রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করতে পারে-এমন বাণিজ্যনীতির বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। দুই দেশ মনে করে, আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে সীমান্তপারের সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানিয়েছে ভারত ও জাপান। পাশাপাশি জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশ দুটি। বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা নিয়েও আলোচনা হয়। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের পরবর্তী ‘টু প্লাস টু’ বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে।