রাজনীতি
দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী
দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই অপতৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সরকার, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আয়োজনে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। তবে এরই মধ্যে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য আবারও দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে বলে তারা লক্ষ্য করছেন।
তিনি আরও বলেন, অতীতে এসব দুর্বৃত্ত দেশের সম্পদ লুটপাট করেছে। তাদের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশকে দীর্ঘদিন অর্থনৈতিক ক্ষতির বোঝা বহন করতে হচ্ছে। এখনো তারা চায় না বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাক কিংবা ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাস্তবায়িত হোক। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। সরকার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সমাজের পাশাপাশি প্রত্যেক নাগরিকেরও এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এটি কোনো ব্যক্তি বা সরকারের স্বার্থের বিষয় নয়, বরং বাংলাদেশের প্রতিটি মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দেশকে স্থিতিশীল রাখা সম্ভব হলে সরকারের পরিকল্পনা অনুযায়ী অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সহজ হবে।
চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে দেশের অর্থনীতির উন্নয়নে বড় ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের বন্দরগুলোর উন্নয়ন ও পরিচালনায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং বন্দরের কার্যক্ষমতা ও দক্ষতা বাড়াতে বেসরকারি খাতের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা ছাড়া কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জন সম্ভব নয়।
চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ লক্ষ্যে কার্গো ভিলেজ স্থাপনসহ বিমানবন্দরের অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, দেশে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের জন্য শুধু সমুদ্রবন্দরের উন্নয়ন করলেই হবে না, পাশাপাশি বিমানবন্দরের সক্ষমতাও বাড়াতে হবে। সমুদ্র ও আকাশপথে পণ্য পরিবহনের সুযোগ-সুবিধা বাড়ানো গেলে দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম, সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী এবং সহসভাপতি মশিউল আলম স্বপনসহ অন্যান্য অতিথিরা।