রাজনীতি
জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের সমর্থন নিয়েই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। বিগত ১৭ বছর ধরে তারা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে দেশের মানুষ শান্তিতে রয়েছে এবং সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। কোনো পক্ষকে দেশে অস্থিতিশীলতা কিংবা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, তারা শান্তিতে বসবাস করতে চান। কিন্তু আইনগতভাবে নিষিদ্ধ কিছু ব্যক্তি ও গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। অতীতে যারা অত্যাচার-নির্যাতনের সঙ্গে জড়িত ছিল এবং বর্তমানে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, তাদের আইনের আওতায় আনতে হবে।
তবে এ ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিহিংসা বা রাজনৈতিক বিরোধের কারণে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না বলে সতর্ক করেন তিনি। মন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে।
দেশের কোথাও নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান আবদুল আউয়াল মিন্টু। বিশেষ করে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কী হলো?’
তিনি আরও বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই আইনবহির্ভূত কর্মকাণ্ড বা ব্যক্তিগত প্রতিশোধের রাজনীতিকে উৎসাহিত করা যাবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম। এতে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ৪ বিজিবির অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন জসিম উদ্দিন, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়েজুল আজিম নোমান, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক সায়মুন হক রাজিব এবং শ্রমিক দল নেতা জসিম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।