রাজনীতি
ফ্যাসিবাদী শক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
দেশে ফ্যাসিবাদী শক্তি বা কোনো অপশক্তির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করছে। অতীতে পরাজিত ও দেশ থেকে পলায়নকারী ফ্যাসিবাদী শক্তি নতুন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জয়পুরহাটে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠানে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণী শিক্ষকদের সম্মাননা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান সরকার কোনো ধরনের জুলুম-নির্যাতনে বিশ্বাস করে না। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে যে, তাদের প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক দল বা আদর্শ নেই। সন্ত্রাস, সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশকে ধ্বংস করে একটি পরাধীন ও তাবেদার রাষ্ট্রে পরিণত করাই তাদের উদ্দেশ্য। তবে দেশের গণতন্ত্রকামী মানুষ অতীতের মতো এখনো তাদের ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
দেশের আন্তর্জাতিক অবস্থান ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আব্দুল বারী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন কর্মসূচি আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হচ্ছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নিজেকে একজন সর্বগ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কাছ থেকে অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। পাশাপাশি উন্নত দেশগুলো বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে, যা দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখছে।
প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো নতুন করে গড়ে তোলা এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার কাজ চলছে। একই সঙ্গে সৎ, দক্ষ ও জনবান্ধব প্রশাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ভাতা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা চলছে।
জয়পুরহাটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী আরও জানান, জেলার জন্য সম্প্রতি কয়েক হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার অবকাঠামো, যোগাযোগব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপক অগ্রগতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আযিযুল হাকিম এবং সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।