জাতীয়

বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সশস্ত্র বাহিনীর ইতিহাস: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সশস্ত্র বাহিনীর ইতিহাস: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও সশস্ত্র বাহিনীর গৌরবময় পথচলা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহসিকতা, আত্মত্যাগ ও সম্মিলিত প্রতিরোধ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাণীতে তিনি ২১ নভেম্বরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দিবসটি উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহসী সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত পাল্টা আক্রমণ শুরু করেন। এ অভিযানে মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে লড়াই নতুন গতি ও মাত্রা লাভ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাসের এই গভীর সম্পর্ক এক অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা। ২১ নভেম্বরের সম্মিলিত সামরিক অভিযানের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্প ও কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির অন্যতম গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারত্ব, সততা, দক্ষতা ও কর্মক্ষমতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ অবস্থান দেশের জন্য গৌরবের বিষয়। এর মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, দুর্বিপাক ও জাতীয় সংকটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে তাদের বলিষ্ঠ ভূমিকা সশস্ত্র বাহিনীকে দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত করেছে।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও সদা প্রস্তুত বাহিনী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার করে গড়ে তোলার উদ্যোগ নেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় থাকে।

তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল, দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। সময়ের চাহিদা অনুযায়ী সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীর পেশাদারত্ব আরও উন্নত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক হচ্ছে তার সশস্ত্র বাহিনী। বাংলাদেশের স্বার্থবিরোধী বিভিন্ন শক্তি বিভিন্ন সময়ে এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী তার সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকা জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সবশেষে প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।