জাতীয়

অনুরোধ করছি, আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

অনুরোধ করছি, আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতেই তিনি সাক্ষাৎ করেছেন। পাশাপাশি জাতিসংঘের সংস্কার নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, সত্যি বলতে তিনি ভারতীয় হাইকমিশনার হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্ব ও অবস্থান বিবেচনায় নিয়ে তিনি এ সুযোগটি কাজে লাগিয়েছেন। আগে ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানালেও সরাসরি উপস্থিত হয়ে শুভেচ্ছা জানাতে পেরে তিনি আনন্দিত।

দীনেশ ত্রিবেদী বলেন, খলিলুর রহমানের দ্বৈত ভূমিকা থাকলেও তার সঙ্গে বৈঠক হয়েছে কেবল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে। জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমান বিভিন্ন সময় কথা বলছেন। তাই সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বুঝতে তিনি আগ্রহী ছিলেন।

তিনি আরও বলেন, জাতিসংঘের সংস্কার সংশ্লিষ্ট বিষয়গুলো সবার স্বার্থের সঙ্গে জড়িত। এটি একটি অভিন্ন স্বার্থের বিষয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। এ বিষয়ে তিনি আর কোনো প্রশ্ন নিতে চান না। সাংবাদিকদের অনুরোধ করে বলেন, তাকে যেন এ বিষয়টির মধ্যেই সীমাবদ্ধ থাকতে দেওয়া হয়। সাক্ষাতের জন্য খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।