জাতীয়
নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল হলো তাকি উসমানীর বাংলাদেশ সফর
বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়ায় শেষ পর্যন্ত তার এ সফর স্থগিত হয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার সিনিয়র মুফতি ও শিক্ষাসচিব মুফতি শরীফ মালিক।
তিনি জানান, শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীর বাংলাদেশে আসার কথা ছিল। তবে তার সফরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া যায়নি।
সফরের অনুমতি না দেওয়ার কারণ সম্পর্কে মুফতি শরীফ মালিক জানান, শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাকে বাংলাদেশে আনা নিরাপদ নয়। মূলত নিরাপত্তাজনিত কারণেই শেষ পর্যন্ত তার বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে।