জাতীয়

প্রভাবশালীর কারণে মিলছে না পেনশন, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

প্রভাবশালীর কারণে মিলছে না পেনশন, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্বামীর পেনশন না পাওয়ার অভিযোগ জানিয়েছেন নুরজাহান বেগম নামে এক বৃদ্ধ নারী।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে তিনি এ অভিযোগ জানান।

এ সময় প্রধানমন্ত্রী নুরজাহান বেগমের হাতে উপহার তুলে দেন। পরে ওই নারী প্রধানমন্ত্রীকে জানান, তার স্বামী মারা গেছেন। কিন্তু তিনি এখনো স্বামীর পেনশন পাচ্ছেন না। এ সময় প্রধানমন্ত্রী জানতে চান, পেনশন পাওয়ার জন্য কোনো দরখাস্ত করা হয়েছে কি না।

পাশে থাকা নুরজাহান বেগমের ছেলে জানান, তার বাবা বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। একজন প্রভাবশালী ব্যক্তির কারণে তারা পেনশন পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি প্রভাবশালীর নয়, নিয়ম অনুযায়ী পেনশন পাওয়ার কথা। এ সময় তিনি দরখাস্ত আনা হয়েছে কি না, তা জানতে চান। নুরজাহান বেগমের ছেলে জানান, দরখাস্ত অনুষ্ঠানের গেটে রাখা আছে।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা একজন কর্মকর্তা দরখাস্তটি সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার কথা জানান।