রাজনীতি
আওয়ামী লীগকে প্রতিহত করতে গোপালগঞ্জে যেতে চান যুবদল নেতা নয়ন
গোপালগঞ্জে আওয়ামী লীগকে প্রতিহত করা বেশি সময়ের ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। এ সময় তিনি নিজেও গোপালগঞ্জে যেতে চান বলে জানান।
শনিবার (২১ নভেম্বর) এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে কথাবার্তা বলছে। প্রতিদিন মেরে ফেলার হুমকি দিচ্ছে। বিষয়টি অদ্ভুত। হুমকি দিলেও তারা সামনে আসে না। তাদের খুঁজে পাওয়া যায় না।
তিনি আরও বলেন, ঢাকায় ৩০ তারিখ পর্যন্ত লকডাউন দিয়েছে আওয়ামী লীগ। তারা কী কী কর্মসূচি দিয়েছে, তা দেখতে চান তিনি। তাদের সক্ষমতা কতটুকু, সেটিও দেখতে চান। ইনশা আল্লাহ, এবারও কিছু হবে না।
যুবদল নেতা বলেন, তিনি গোপালগঞ্জে যেতে চেয়েছেন। গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষসহ বিশ্বের মানুষ দেখেছে, কারা জ্বালাও-পোড়াও করে, কারা জঙ্গি সংগঠন, কারা সন্ত্রাসী এবং কারা গণতন্ত্রে বিশ্বাস করে না, বরং জ্বালাও-পোড়াওয়ে বিশ্বাসী।
তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগকে প্রতিহত করা বেশি সময়ের ব্যাপার নয়। তাদের সহনশীলভাবে প্রতিহত করার কথা বলা হয়েছে। পূর্ণাঙ্গ ও চূড়ান্তভাবে প্রতিহত করার নির্দেশনা এলে তাদের অবস্থা কী হয়, তা দেখা যাবে।