সারাদেশ

পাবনার বেড়ায় আ. লীগ-বিএনপির সংঘর্ষ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

পাবনার বেড়ায় আ. লীগ-বিএনপির সংঘর্ষ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ
ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বৃশালিখা ও সওদাগরপাড়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। তবে শুরুতে তাদের উপস্থিতিতেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া উপজেলার বৃশালিখা এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থক এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দুপুরের দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই নিরাপত্তার কথা ভেবে দোকানপাট বন্ধ করে দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে। পরবর্তী সময়ে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

এসব ঘটনার পর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের নেতাকর্মী ও সমর্থকেরা। সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সংঘর্ষ চলতে থাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।’

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।

তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।