রাজনীতি
আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি: রাশেদ খাঁন
ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা তাকে মন্ত্রী বানাবেন, এমন আশায় বুক বেঁধে আছেন সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত অর্থ পাঠান মাশরাফি বিন মর্তুজা। তার দাবি, সর্বশেষ সহিংস কর্মকাণ্ডেও সন্ত্রাসীদের ব্যবহার করেছেন মাশরাফি। গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার হাতে নিজের বাড়ি ভাঙচুরের ঘটনার ক্ষোভ এখনো তার মধ্যে রয়েছে। সেই ক্ষোভ থেকে প্রতিশোধ নিতে তিনি অর্থ ব্যয় করে সহিংসতা ও হত্যাকাণ্ডে মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেন রাশেদ।
রাশেদ আরও বলেন, মাশরাফির অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন, তিনি বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেননি। এ প্রসঙ্গে রাশেদ প্রশ্ন তোলেন, মাশরাফি নিজেই কেন প্রকাশ্যে এসে নির্দোষ দাবি করছেন না।
মাশরাফির একসময়কার ভক্ত ছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, ক্ষমতার প্রতি মাশরাফি ও তার পরিবারের অতিরিক্ত আকাঙ্ক্ষা ছিল।
রাশেদ আরও দাবি করেন, ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে, এমন প্রত্যাশা থেকেই প্রায় দুই বছর বিরতির পর চলতি বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি। তার মতে, এমন একজন নেত্রীকে শুভেচ্ছা জানানোর বিষয়টি মাশরাফির বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে প্রশ্ন তৈরি করে।
পোস্টে রাশেদ খাঁন বলেন, মাশরাফির নৈতিক অবস্থান থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিতেন। অথবা গণঅভ্যুত্থানের পর নিজের অবস্থানের জন্য ক্ষমা চেয়ে রাজনীতি থেকে সরে দাঁড়াতেন।
সবশেষে রাশেদ দাবি করেন, ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা তাকে মন্ত্রী বানাবেন, এমন প্রত্যাশা নিয়েই অপেক্ষা করছেন মাশরাফি।