অর্থনীতি

দেশের বাজারে ২ লাখ টাকার নিচে স্বর্ণের ভরি, টানা ৯ দফায় কমল দাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম

দেশের বাজারে ২ লাখ টাকার নিচে স্বর্ণের ভরি, টানা ৯ দফায় কমল দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন করে প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ টাকার নিচে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

এ নিয়ে টানা নবম দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ধারাবাহিক এই মূল্যহ্রাসে সব মিলিয়ে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা। ফলে দীর্ঘ সময় পর দেশের বাজারে স্বর্ণের ভরি আবারও ২ লাখ টাকার নিচে নেমে এলো।

শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দাম নির্ধারণের বিষয়টি জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ঘোষিত এই নতুন দাম রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

স্বর্ণের দাম কমানোর ফলে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিভিন্ন উৎসব উপলক্ষে যারা স্বর্ণালংকার কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য নতুন এই মূল্য কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।