সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মিলল প্রেমের চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:১৯ পিএম

পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মিলল প্রেমের চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার বিপুল পরিমাণ টাকার পাশাপাশি পাওয়া গেছে এক বস্তা চিঠি ও চিরকুট। এসব চিঠি ও চিরকুটে উঠে এসেছে মানুষের নানা আবেগ, স্বপ্ন, প্রত্যাশা, হতাশা ও ব্যক্তিগত জীবনের গল্প। কেউ প্রিয় মানুষের মনে জায়গা পাওয়ার আকুতি জানিয়েছেন, কেউ বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণে দালালের প্রতারণা থেকে মুক্তি চেয়েছেন। আবার কেউ রোগমুক্তি, সুন্দর চেহারা ও পারিবারিক সমস্যার সমাধান চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৫ দিন পর খুলে দেওয়া হয় পাগলা মসজিদের ১৫টি দানবাক্স। দানবাক্সগুলো থেকে ৫১ বস্তা টাকা ছাড়াও পাওয়া যায় বিভিন্ন চিঠি, চিরকুট ও স্বর্ণালংকার। পরে টাকা, চিঠি ও অন্যান্য সামগ্রী আলাদা করার কাজ শুরু হয়। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় টাকা গণনা। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, গণনার কাজ শেষ হতে রাত ১০টা পর্যন্ত সময় লাগতে পারে।

দানবাক্সে পাওয়া চিরকুটগুলোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে এক প্রেমিকের আবেগঘন আকুতি। প্রিয় মানুষ স্বর্ণাকে উদ্দেশ করে লেখা ওই চিরকুটে তিনি লিখেছেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না স্বর্ণা।’ শুধু ভালোবাসার কথা প্রকাশ করেই থেমে থাকেননি তিনি; বরং স্বর্ণার মনে নিজের জন্য একটু জায়গা করে দেওয়ার প্রার্থনাও জানিয়েছেন। চিরকুটের শেষাংশে লেখা রয়েছে, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।’ ছোট্ট এই চিরকুটে ফুটে উঠেছে এক মানুষের ভালোবাসা, আবেগ ও প্রিয়জনকে পাওয়ার আকাঙ্ক্ষা।

অন্য একটি চিঠিতে উঠে এসেছে ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হওয়া এক ব্যক্তির করুণ অভিজ্ঞতা। উন্নত জীবনের আশায় বিদেশ যাওয়ার পরিকল্পনা করলেও প্রতারণার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। চিঠিতে প্রতারণার মাধ্যমে হারানো টাকা ফিরে পাওয়া, দোষীদের বিচার এবং নিরাপদে ইউরোপ যাওয়ার ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ওই ব্যক্তি।

শুধু নিজের বিদেশযাত্রা নয়, চিঠিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি। ইউরোপের দেশগুলোতে যাওয়ার প্রক্রিয়া সহজ ও নিরাপদ করার পাশাপাশি বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা-সেবা চালুর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। ভবিষ্যতে কোনো বিদেশগামী যেন দালালচক্রের প্রতারণার শিকার না হন, সে বিষয়েও আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন। চিঠির শেষে নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে।

এদিকে দানবাক্সে পাওয়া আরেকটি বড় চিঠিতে পারিবারিক বিরোধ, আর্থিক ক্ষতি ও সন্তানকে ঘিরে উদ্বেগের কথা তুলে ধরেছেন এক ব্যক্তি। চিঠিতে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আল্লাহর কাছে বিচার চেয়েছেন তিনি। ওই ব্যক্তির অভিযোগ, তাঁর ২০ মাস বয়সী সন্তান শ্যালকের হাতে নির্যাতনের শিকার হয়েছে। পাশাপাশি তাঁর স্ত্রী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩ লাখ ৫৬ হাজার টাকা সরিয়ে নিয়েছেন। এ ছাড়া প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকারও আত্মসাৎ করা হয়েছে বলে চিঠিতে দাবি করেছেন তিনি।

ওই ব্যক্তির দাবি, এসব ঘটনার কারণে শ্বশুরবাড়ির লোকজনের কাছে তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা। হারানো অর্থ ও স্বর্ণালংকার ফিরে পাওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে ন্যায়বিচার পাওয়ার আশায় পাগলা মসজিদের দানবাক্সে চিঠি রেখে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের এমন নানা অভিযোগ ও আকুতির মধ্য দিয়ে দানবাক্সে জমা পড়েছে মানুষের সুখ-দুঃখ, অভিমান ও অসহায়ত্বের নানা গল্প।

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি ও চিরকুটের বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, অল্প সময়ের মধ্যেই মসজিদের দানবাক্সগুলো পূর্ণ হয়ে যাওয়ায় এবার আরও দুটি বাক্স বাড়ানো হয়েছে। আগে মসজিদে ১৩টি দানবাক্স থাকলেও এবার মোট ১৫টি বাক্সে দান সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, দানবাক্সে চিঠি ও চিরকুট জমা দেওয়ার কারণে জায়গার সংকট তৈরি হয়। এ ধরনের চিঠি দানবাক্সে না রাখার জন্য প্রতিবারই অনুরোধ করা হচ্ছে। কারণ, অহেতুক চিঠি ও চিরকুটের কারণে টাকা গণনার কাজে ব্যাঘাত ঘটে। পাশাপাশি গণনার কাজে নিয়োজিত ব্যক্তিদের অতিরিক্ত সময় ব্যয় করতে হয় এবং পুরো প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হয়।

মানুষের বিশ্বাস, আশা, ভালোবাসা, পারিবারিক সংকট ও ব্যক্তিগত চাওয়া-পাওয়ার নানা গল্প যেন উঠে এসেছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া এসব চিঠি ও চিরকুটে। বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি মানুষের এমন আবেগঘন প্রার্থনাও এবার দানবাক্স খোলার পর আলোচনায় এসেছে।