জাতীয়
কোনো একক বাবার মাধ্যমে আমাদের স্বাধীনতা আসেনি: ডেপুটি স্পিকার
বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তি বা পরিবারের অবদানে আসেনি, বরং এ দেশের স্বাধীনতা অর্জনে অবদান রয়েছে সর্বস্তরের মানুষের-এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ‘এ দেশ আমাদের। কেউ যেন বলতে না পারে, আমি এ করেছি, আমার বাবা এ করেছে। কোনো একক বাবার মাধ্যমে আমাদের স্বাধীনতা আসেনি।’
শনিবার (২১ নভেম্বর) বিকেলে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে কায়সার কামাল বলেন, ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধীনে ‘আমার’ নয়, বরং ‘আমাদের’-এই ধারণাকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে আর ব্যক্তিকেন্দ্রিক ‘আমিত্বের’ রাজনীতি চলবে না। দেশ ও রাষ্ট্রের মালিকানা সবার, তাই এখানে কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর কৃতিত্ব প্রতিষ্ঠার সুযোগ নেই।
দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতার কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, অনেক কিছু দেখা হয়েছে, অনেক কিছু সহ্য করা হয়েছে। আর নয়, এবার জেগে ওঠার সময় এসেছে। দেশের মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক সম্মান প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরা হয়। নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পরিচিত করে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। উৎসবের উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার ছিছাম।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং হাজং সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী এ উৎসবের মধ্য দিয়ে হাজং সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য উদ্যাপনের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সাংস্কৃতিক সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়।