সারাদেশ

১০০ টাকা দেবে তাই জয় বাংলা স্লোগানে মিছিল করেছি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

১০০ টাকা দেবে তাই জয় বাংলা স্লোগানে মিছিল করেছি
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরেরা জানিয়েছে, মিছিলে অংশ নেওয়ার বিনিময়ে প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের কাশর বোররচর ভবনের সামনের তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই এলাকায় ৩০ থেকে ৪০ জন কিশোর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সেলিম মিয়ার নেতৃত্বে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া কিশোরেরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মাহমুদ মুক্তাদির (১৬) নামের এক কিশোরকে আটক করা হয়।

পরবর্তী সময়ে আটক মাহমুদ মুক্তাদিরের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আরও পাঁচ কিশোরকে আটক করে পুলিশ। তারা হলো সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) ও সানজিদ (১৬)। আটক ছয় কিশোরের সবার বাড়ি ময়মনসিংহ নগরের বিভিন্ন এলাকায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরেরা জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতার নির্দেশনায় তারা ওই মিছিলে অংশ নিয়েছিল। এ জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। এ ঘটনায় জড়িত হিসেবে জাবির, আবিদ, আবির ও মাইনসহ কয়েকজনের নাম জানিয়েছে তারা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সেলিম মিয়া বলেন, অর্থের প্রলোভন দেখিয়ে কিশোরদের মিছিলে ব্যবহার করা হচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, আটক ছয় কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।