রাজনীতি
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবি হেফাজতের
ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বিবৃতিতে তারা বলেন, গণহত্যাকারী পতিত আওয়ামী লীগের বিষয়ে ভুক্তভোগী শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।
তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। জুলাই গণঅভ্যুত্থানের মুখে গণহত্যা চালানোর পর দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দিল্লির মদদে ২০২৪ সালের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে। বাংলাদেশবিরোধী এজেন্ডার পক্ষে যেসব গণমাধ্যমকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে মনে করে হেফাজত।
সংগঠনটির নেতারা বলেন, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ এবং আহতরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের ন্যায়বিচারের বিষয়টি বিবেচনা না করে যারা বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুসারে কথা বলছেন, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে প্রতারণামূলকভাবে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও দলটি নিজেদের সংশোধন করেনি বলে দাবি করেন হেফাজত নেতারা। তাই দলটির বিষয়ে বিগত শাসনামলে নির্যাতনের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।
হেফাজত নেতারা বলেন, রাষ্ট্রক্ষমতা দখল করে ১৫ বছর ধরে গুম, খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যার পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে।
তারা আরও বলেন, ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
বিবৃতিতে হাসিনার আশ্রয় প্রসঙ্গেও বক্তব্য দেন হেফাজত নেতারা। তারা বলেন, প্রভু রাষ্ট্রের বিভিন্ন চেষ্টা ও তদবিরের পরও এখন পর্যন্ত তৃতীয় কোনো রাষ্ট্র মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে তাদের ধারণা। কোনো সভ্য রাষ্ট্র এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না বলেও উল্লেখ করেন তারা।
এ সময় আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের প্রসঙ্গ টেনে হেফাজত নেতারা বলেন, দ্য গার্ডিয়ান সম্প্রতি শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে দ্য ইকোনমিস্ট তার শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, আন্তর্জাতিক গণমাধ্যমেও শেখ হাসিনার শাসনামলের চিত্র উঠে আসছে।