গণমাধ্যম
বৈশাখী টেলিভিশনে হামলা-ভাঙচুর, হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন
বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে তাকে বনানী থানায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান।
এর আগে রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে একদল যুবক হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঘটনার সময় বৈশাখী টেলিভিশনের নিজস্ব ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে এক প্রতিবেদককে বলতে শোনা যায়, ‘একদল লোক এসে বৈশাখী চ্যানেলের ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর করছে।’
সরাসরি সম্প্রচারে প্রতিষ্ঠানের নিচে জড়ো হওয়া কয়েকজনকে দেখিয়ে বলা হয়, তারা সংবাদকক্ষে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ সময় ভিডিওর পেছন থেকে ওই প্রতিবেদক বলেন, ‘ওই সাদা শার্ট পরিহিত ব্যক্তিটি হামলার নেতৃত্ব দিয়েছেন।’
নাম প্রকাশ না করার শর্তে বৈশাখী টেলিভিশনের এক কর্মী জানান, শনিবার প্রতিষ্ঠানটির ডিজিটাল বিভাগের প্রধান নাহিয়ানকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এসে চ্যানেলটির ডিএমডিকে হেনস্তার চেষ্টা করেন। এ কাজে তাকে সহায়তা করেন সংগঠনটির বনানী থানার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।
এ বিষয়ে জানতে নাহিয়ানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বৈশাখী টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধান জিয়াউল কবির সুমন আগামীর সময়কে বলেন, ‘আমি সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে আছি। একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত তেমন কিছুই জানি না।’
বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলার পরিবেশ তৈরির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ‘মব করলেও আমরা বলেছি এখানে এসবের কোনো সুযোগ নাই। মামলার আসামি গ্রেপ্তার হবে, আপনারা চলে যান। ওরা চলে যাচ্ছে।’