সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। শনিবার ২১ নভেম্বর সকাল ৭টায় এসব দানবাক্স খুলে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দোতলায় টাকা গণনার কাজ শুরু হয়। এতে পাঁচ শতাধিক মানুষের একটি দল অংশ নেয়।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক ব্যক্তি টাকা গণনার কাজে অংশ নেন।

সাধারণত প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও বিভিন্ন কারণে এবার চার মাস পর সেগুলো খোলা হয়েছে। দীর্ঘ সময় পর দানবাক্স খোলায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স বসানো হয়েছিল।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তারা।