সারাদেশ
চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও তার পরিবারকে বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুর
চুয়াডাঙ্গায় বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা সাধারণ সম্পাদক ও সাংবাদিক হুসাইন মালিক এবং তার পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেট কারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় পরিবারের কোনো সদস্য আহত হননি। ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
শুক্রবার ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক হুসাইন মালিক বাংলাদেশ বেতার, স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত এবং জাতীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
হুসাইন মালিকের বড় ভাই ও সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক জানান, তার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সাংবাদিক হুসাইন মালিক, তিনি নিজে এবং পরিবারের কয়েকজন সদস্য প্রাইভেট কারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে বঙ্গজ লিমিটেডের সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় গাড়িটি ভাঙচুর করা হয়।
হাসান মালিক বলেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ওই সড়কে তার নিয়মিত যাতায়াত নেই। তবে তার ধারণা, সাংবাদিক হুসাইন মালিককে উদ্দেশ্য করেই হামলাটি চালানো হয়ে থাকতে পারে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হামলার বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক হুসাইন মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।