সারাবিশ্ব

পেরুতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যাঞ্চল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

পেরুতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যাঞ্চল
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ পেরুতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির মধ্যাঞ্চল কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার ২১ নভেম্বর বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ২০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস শহর থেকে ২২ কিলোমিটার পশ্চিম উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, পর্যবেক্ষণ কিংবা ঝুঁকিসংক্রান্ত ঘোষণা জারি করা হয়নি।

ভূমিকম্পের পরপরই কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।