রাজনীতি
প্রশাসন-পুলিশসহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্টের দোসররা এখনও সক্রিয়: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রশাসন, পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এখনও ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তির লোকজন সক্রিয় রয়েছে। তাদের মদদেই গত তিন থেকে চার দিনের মধ্যে বিএনপির তিন নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, তাদের অর্থের কোনো অভাব নেই। তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন এবং দেশের ভেতরেও তাদের অনেক অর্থ রয়েছে। এসব অর্থ ব্যবহার করে সন্ত্রাসী ও টোকাইদের কাজে লাগিয়ে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, বিএনপির নেতা ও সংসদ সদস্যদের বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী আরও বলেন, শুধু বিএনপি নেতাকর্মীরাই নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্য ব্যক্তিরাও হামলার শিকার হচ্ছেন। লন্ডনে নাহিদের ওপর হামলা এবং এবি পার্টির মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করেন তিনি। এসব ঘটনার পেছনে প্রতিবেশী দেশ থেকে মদদ আসছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
প্রশাসনের ভেতরে এখনও ফ্যাসিবাদী শক্তির উপস্থিতি রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘পত্রিকায় দেখেছি, তিনি ডিসেম্বরে ফিরবেন। ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির মোবাইল ফোনে এ বিষয়ে একটি ক্ষুদেবার্তা ছিল। তাকে গ্রেপ্তারের পর সেটি দেখা গেছে। এর মধ্য দিয়ে বোঝা যায়, ভেতরে ভেতরে এখনও ফ্যাসিস্টের দোসররা সক্রিয় রয়েছে।’
শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে রিজভী অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনার একটি লাশ দরকার। নিজের দলের কারও লাশ হলে ভালো হয় বলে তিনি মনে করেন। সেই লাশকে কেন্দ্র করে তিনি আন্দোলন গড়ে তুলতে চান।’ তবে বিএনপি শেখ হাসিনার মতো আচরণ করতে চায় না উল্লেখ করে তিনি বলেন, দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রাখা জরুরি। যাতে ভবিষ্যতে আর কখনও ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সমাজে গণতন্ত্রের চর্চা ও মানুষের নিরাপত্তা যত বাড়বে, দেশ ও সমাজ তত বেশি স্থিতিশীল হবে।
মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণা করে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের শাসনামলের বড় একটি সময় তিনি জীবিত ছিলেন। অসুস্থ অবস্থায় হাসপাতালের শয্যায় থেকেও তিনি আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তরিকুল ইসলামকে আন্দোলন থেকে বিরত রাখার উদ্দেশ্যে তার যশোরের বাড়িতে বোমা হামলা পর্যন্ত চালানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
স্মরণসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে বক্তব্য দেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনাসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্মরণসভায় অংশ নেন।