সারাদেশ

মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় হামলায় নারীর মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় হামলায় নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনতাইয়ের উদ্দেশ্যে এক বৃদ্ধার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করার পাশাপাশি কানের দুল ও নাকফুল ছিনিয়ে নিতে কান ও নাক কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বেগম বিবি (বৃদ্ধা) নামে ওই নারীর মৃত্যু হয়েছে।

নিহত বেগম বিবি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার বাসিন্দা। তিনি মৃত আমজাদ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন বেগম বিবি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে বাড়িতে একা পেয়ে স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা পাশে থাকা একটি মুগুর দিয়ে তার মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর দুর্বৃত্তরা তার কান কেটে স্বর্ণের কানের দুল এবং নাক কেটে নাকফুল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বৃদ্ধার চিৎকার ও আহত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম বিবির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বৃহস্পতিবার রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্বর্ণের অলংকার ছিনতাইয়ের উদ্দেশ্যেই বৃদ্ধার ওপর হামলা চালানো হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।