সারাদেশ
ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ আকিব কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার পথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদ আকিব।
গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।