রাজনীতি

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনেক ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি বলেছেন, দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। বর্তমানে দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের অপচেষ্টা চলছে। এসব অপতৎপরতা মোকাবিলায় দেশের সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থ ও দেশের স্থিতিশীলতা রক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতির কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা দেখে অনেকের গাত্রদাহ হচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। এই ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি।

শামীম কায়সার লিংকন বলেন, অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করা সরকারের অন্যতম লক্ষ্য। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি ছুটির পরিমাণ বাড়ানোর বিষয়ে আশ্বাস দেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের মতো বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবেও সরকারি ছুটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে।

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।