সারাদেশ
সড়ক দুর্ঘটনায় পা হারানো যুবককে দোকান উপহার দিল দুটি স্বেচ্ছাসেবী সংগঠন
‘ভিক্ষা নয়, কর্মই হোক পরিচয়’-এই স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনায় পা হারানো এক যুবককে স্বাবলম্বী করতে মালামালসহ একটি নতুন দোকান উপহার দিয়েছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (১৮ নভেম্বর) চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এই দোকানটি হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটশলুয়া গ্রামের বাসিন্দা আকিদুল ইসলাম দীর্ঘ ৮ বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার একটি পা হারান। পঙ্গুত্ব বরণ করার পর থেকে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম অর্থকষ্ট ও মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।
আকিদুল ইসলামের এই অসহায়ত্বের বিষয়টি নজরে আসে ‘মানবতার জন্য সংস্থা’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শাহিন সরকারের। তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংশ্লিষ্টদের সামনে তুলে ধরেন। পরবর্তীতে বিষয়টি জানার পর খুলনার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজদিকা ফাউন্ডেশন’ (Azdika Foundation) এগিয়ে আসে।
সংগঠনটির ‘জনস্বাবলম্বী প্রজেক্ট’-এর আওতায় এবং ‘মানবতার জন্য সংস্থা’-এর সার্বিক সহযোগিতায় আকিদুল ইসলামকে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় মালামালসহ একটি পূর্ণাঙ্গ দোকান উপহার দেওয়া হয়।
আয়োজকরা জানান, কারও ওপর নির্ভরশীল না হয়ে বা হাত না পেতে যেন তিনি সম্মানজনকভাবে উপার্জন করে চলতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
দোকানটি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আকিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় এলাকাবাসীও তরুণদের এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।