রাজনীতি
দেশে আবার ১/১১ এলে সরকারি-বিরোধী দল কেউই নিরাপদ থাকবে না: রাশেদ খাঁন
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আবারও ওয়ান-ইলেভেন (১/১১) পরিস্থিতির সৃষ্টি হলে সরকারি দল কিংবা বিরোধী দল-কেউই নিরাপদ থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে দেশের কোনো পক্ষই এর পরিণতি থেকে রেহাই পাবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ তুলে রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, বিএনপির কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে এসব ঘটনার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীর বাড়িঘর কিংবা দলীয় কার্যালয়ে হামলার ঘটনা দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের পক্ষ থেকেও জামায়াতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, এ বিষয়টি নিয়ে তারা নিজেরা কোনো সন্দেহ করছেন না। তবে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য বা কর্মকাণ্ডে জামায়াতকে কেন লক্ষ্যবস্তু করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের গোপনে কোনো সমঝোতা হয়েছে-এমন অভিযোগ তারা করছেন না। বরং রাজপথে তাদের অবস্থানের মধ্য দিয়ে বিষয়টির প্রমাণ দেখতে চান।
রাশেদ খাঁন আরও বলেন, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি তাদের প্রত্যাশা, কোনো ধরনের শর্ত ছাড়াই দল দুটি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে অংশ নেবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দেশের চলমান অস্থিরতা প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, এই পরিস্থিতির সুযোগ নিয়ে যদি আবারও ১/১১-এর মতো কোনো রাজনৈতিক পটপরিবর্তন ঘটে, তাহলে কেউই নিরাপদ থাকবেন না। বিরোধী দল যদি মনে করে, এমন পরিস্থিতিতে শুধু সরকারি দলই বিপদে পড়বে, তাহলে সেটি হবে ভুল ধারণা। কারণ, এর পরিণতি কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রেখেছে। কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড থেকে সরকারি ও বিরোধী-কোনো পক্ষই নিরাপদ নয় বলে দাবি করেন তিনি।
এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ এবং সমন্বয়ক হাসিবকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগও তুলে ধরেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, অতীতের এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি না করে ঐক্যবদ্ধ থাকা জরুরি।
সবশেষে তিনি সতর্ক করে বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠলে তার সুযোগ নিয়ে নতুন কোনো ১/১১-এর পরিস্থিতি তৈরি হতে পারে। আর তেমন কিছু ঘটলে সরকারি দল, বিরোধী দল কিংবা কোনো রাজনৈতিক পক্ষই এর বাইরে থাকতে পারবে না।