সারাদেশ

বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁর সঙ্গে থাকা গাড়িচালক হাসান ও বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনকে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা গেছে, ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বাগেরহাটের উদ্দেশে রওনা হয়েছিলেন মনিরুল হক ফরাজি, বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান। পথে মহাসড়কের কয়েকটি স্থানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এসব বাধা অতিক্রম করে তাঁরা ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাঁদের গাড়ির গতিরোধ করে।

অভিযোগ অনুযায়ী, গাড়ির গতিরোধ করার পর হামলাকারীরা গাড়িটি ভাঙচুর করে এবং তাঁদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে তাঁদের মারধর করা হয়। একপর্যায়ে বিএনপি নেতা ময়েন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের ভাষ্য, মনিরুল হক ফরাজির মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবি ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে ‘বিএনপি, বিএনপি’ বলে চিৎকার করতে থাকে। এরপর তাঁকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এ সময় প্রাণ বাঁচাতে ময়েন ও গাড়িচালক হাসান গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে সরে যান।

মারধরের শিকার ময়েন ও গাড়িচালক হাসান বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। বাগেরহাট জেলা বিএনপি সূত্রে জানা যায়, ময়েন বর্তমানে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন। ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো হয়েছে।

এদিকে, নিখোঁজ মনিরুল হক ফরাজিকে উদ্ধারে দলীয়ভাবে চেষ্টা চালাচ্ছে বাগেরহাট জেলা বিএনপি। একটি সূত্রের মাধ্যমে তাঁদের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটি মহাসড়কের পাশে পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে মনিরুল হক ফরাজির বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বিএনপি নেতা ময়েন তাঁকে মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে অপহরণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবেও চেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। নিখোঁজ মনিরুল হক ফরাজিকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।