জাতীয়

মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

আদালতে মামলার ক্রমবর্ধমান চাপ কমানো, বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘব এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি করা হবে। এতে সময় ও অর্থের অপচয় কমার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’।

আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির মানুষের জন্য সংরক্ষিত সুবিধা নয়; বরং এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। সরকার এ অধিকার নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা বা এডিআরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিভিন্ন বিরোধ দ্রুত, শান্তিপূর্ণ ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত মামলা-মোকদ্দমা সাধারণ পরিবারগুলোর ওপর ব্যাপক আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করে আসছে। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষকে মামলা পরিচালনা করতে গিয়ে দীর্ঘ সময়, অর্থ ও নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই বিরোধের সমাধান সম্ভব হচ্ছে, যা বিচারপ্রার্থীদের জন্য তুলনামূলক সহজ ও কার্যকর পথ তৈরি করছে।

প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে আইনমন্ত্রী আরও বলেন, দক্ষ ও যোগ্য মধ্যস্থতাকারী এবং মানুষের আস্থা অর্জনে সক্ষম প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করা গেলে বিপুলসংখ্যক মানুষ মামলা-মোকদ্দমার পরিবর্তে আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী হন। ইতোমধ্যে পারিবারিক ও দেওয়ানি বিরোধের একটি উল্লেখযোগ্য অংশ প্রাক-মামলা পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এর ফলে নতুন মামলা দায়েরের প্রবণতা কমানোর পাশাপাশি প্রচলিত বিচারব্যবস্থার ওপর চাপ কমাতেও ইতিবাচক ভূমিকা রাখছে এ কার্যক্রম।

আইনমন্ত্রী বলেন, পরীক্ষামূলক প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতাকে এবার একটি স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপ দিতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় দেশের ৬৪টি জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। শুধু মামলা কমানোই নয়, বরং সমাজে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আলোচনাভিত্তিক ও সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এ সময় বাংলাদেশের আইন খাতে জাপান সরকারের সহযোগিতার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, জাপান সরকার ও দেশটির জনগণের কারিগরি সহায়তা এবং অব্যাহত সমর্থন বাংলাদেশের বিচারব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির উপস্থিতি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। এ সময় তিনি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকাকে আস্থাশীল অংশীদারত্ব ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীর অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে বাণিজ্যিক আদালত আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা যাতে বিচারিক বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বিচারিক ও আইনি প্রক্রিয়ার অপব্যবহার বন্ধ করতে হবে। দেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে কার্যকর ও আস্থাশীল বিচারব্যবস্থা প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন এবং বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। এ ছাড়া প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো প্রকল্পের উল্লেখযোগ্য অর্জন, বাস্তবায়নের অভিজ্ঞতা এবং দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সম্মেলনে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা, সাফল্য, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এ ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ পর্বে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাইকার মধ্যে অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থায় ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুই পক্ষের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করা হচ্ছে।

সম্মেলনে আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা, লিগ্যাল এইড কর্মকর্তা, আইনজীবী, জাইকার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।