রাজনীতি

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা ১১ দলের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা ১১ দলের
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখতে সম্মিলিতভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জোটের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব সিদ্ধান্ত ও অবস্থানের কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

ব্রিফিংয়ে নেতারা জানান, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে সংঘটিত হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে সৃষ্ট আতঙ্কের বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁদের মতে, পতিত স্বৈরাচারী শক্তির বিভিন্ন অপতৎপরতার কারণে দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে।

মাওলানা মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আতঙ্ক ও সহিংসতার মাধ্যমে তারা নিজেদের প্রকৃত পরিচয় আবারও বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে দেশের স্বার্থে কী ধরনের ভূমিকা রাখা প্রয়োজন, তা নির্ধারণ করতেই ১১ দলীয় ঐক্যের নেতারা বৈঠকে বসেছেন।

তিনি আরও বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী শক্তি এবং বিতাড়িত আধিপত্যবাদী শক্তির মদদপুষ্ট অপশক্তিকে প্রতিহত করতে হবে। এ লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দলীয় ঐক্য। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় কোনো ধরনের নৈরাজ্য বা সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যের মধ্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে তা দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাইয়ের ঐক্যের অন্যতম প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি। কিন্তু গণভোটের রায় কার্যকর না করায় বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্য গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর গুরুত্ব দিচ্ছে। দল-মত নির্বিশেষে দেশের জনগণকে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে কোনো নৈরাজ্যবাদী শক্তি জাতিকে পরাস্ত করতে পারবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ১১ দল তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

এ সময় সাম্প্রতিক সহিংসতায় নিহত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান মামুনুল হক। পাশাপাশি যাঁদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে এবং রাস্তাঘাটে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতিও ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

সরকারের প্রতি নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য, সংযম ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

দেশের সাধারণ জনগণকেও সম্মিলিতভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় ঐক্য রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে। দেশের স্থিতিশীলতা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।