রাজধানী
রাজধানীতে ২ কেজির বেশি গানপাউডার উদ্ধার, নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানী ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) ও মেঘলা মিলি (৪১)। তাদের মধ্যে মামুন অর রশীদ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ডিবির মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বর মাসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে—এমন তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়। সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত একটি অডিওকে কেন্দ্র করে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়। ওই অডিওতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় অভিযান চালায় ডিবির মিরপুর বিভাগের একটি দল। এ সময় মামুন অর রশীদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।
মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে মিরপুরের অন্য একটি এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।
গোয়েন্দা পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনি গানপাউডার সংগ্রহ করেন। মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিস্ফোরক উপাদান সংগ্রহ করা হয় বলে তিনি জানিয়েছেন।
ডিবির তথ্যমতে, পরবর্তী সময়ে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে গানপাউডার ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসেন মামুন। এ কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের এক নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।