সারাদেশ

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন পিকআপ ভ্যান নিয়ে গেছে চোর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন পিকআপ ভ্যান নিয়ে গেছে চোর
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে এবার প্রকাশ্য দিবালোকে পুলিশের পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে থেকে একটি পুরোনো পিকআপ ভ্যান চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় পুলিশ সদস্যদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার একটি টহল দল সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করতে বের হয়েছিল। টহলের একপর্যায়ে পুলিশ সদস্যরা গাড়িটি জেলা পুলিশ লাইনের সামনে সড়কে পার্কিং করে রাখেন। এরপর তাঁরা পাশের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তাঁরা দেখতে পান, নির্ধারিত স্থানে আর পিকআপ ভ্যানটি নেই।

এদিকে, ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, এক ব্যক্তি গাড়িটিতে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছেন। প্রকাশ্য সড়ক থেকে দিনের বেলায় পুলিশের ব্যবহৃত যানবাহন চুরির ঘটনায় বিষয়টি নিয়ে নগর পুলিশের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চোরকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।