জাতীয়
গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে একটি গোয়েন্দা সংস্থা তাকে আটক করে।
মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়।
এর আগে, ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি সমালোচনার মুখে পড়েছিলেন মুফতি রুহুল আমিন। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলে জানা যায়। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে উপস্থিত হলে তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ওই দিন জুমার নামাজের খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে মুফতি রুহুল আমিনের অনুসারীদের সঙ্গে মসজিদে উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের সংঘর্ষ বাধে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় মসজিদের জানালা ও দরজাসহ বিভিন্ন স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের ঘোষণা দেয়।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এবার রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গোয়েন্দা সংস্থার হাতে আটক হলেন বায়তুল মোকাররমের সাবেক এই খতিব। তবে তাকে আটকের কারণ এবং তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ বা মামলার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।