রাজনীতি
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি
গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে উন্নয়নবৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বুধবার অনুষ্ঠিত একনেক বৈঠকে অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত প্রকল্পের সংখ্যা বেশি। সরকারের উন্নয়ন পরিকল্পনায় গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
তিনি বলেন, আঞ্চলিক বৈষম্য কমিয়ে দেশের সব অঞ্চলে সমানভাবে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। এ জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের প্রয়োজন এবং দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সময় ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকারে পরিবর্তন আসে। কোনো সময়ে সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কোনো সময়ে মেট্রোরেল, আবার কখনো পানি ব্যবস্থাপনা কিংবা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিশেষ গুরুত্ব পায়।
তিনি জানান, এবারের একনেক বৈঠকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত প্রকল্পের প্রাধান্য দেখা গেছে। এ ছাড়া সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী এক মাসে এ ধরনের প্রকল্পের সংখ্যা আরও বাড়তে পারে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকার যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।