রাজনীতি

বোমাবাজি-নাশকতা চালিয়ে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

বোমাবাজি-নাশকতা চালিয়ে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভী
ছবি: সংগৃহীত

বোমাবাজি, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফিরে আসার স্বপ্ন দেখছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। সেখান থেকে ভিডিও বার্তা ও বিভিন্ন নির্দেশনা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির উসকানি দেওয়া হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেখান থেকে ভিডিও বার্তা ছড়িয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। অন্যদিকে, দেশে কয়েকজন টোকাইকে ব্যবহার করে বোমাবাজি, ককটেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের অতীত রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে রিজভী বলেন, ক্ষমতায় থাকাকালে মওলানা ভাসানীকে ভারতের চর হিসেবে আখ্যায়িত করেছিল আওয়ামী লীগ। অথচ বর্তমানে দলটির নেতারাই ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির তৎপরতা চালাচ্ছেন। তাদের কেউ কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ করেন তিনি। এসব জায়গা থেকে ভিডিও বার্তা প্রচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, ধৈর্যেরও একটি সীমা রয়েছে। সেই সীমা যেন অতিক্রম না করে, সে বিষয়ে পলাতক শক্তিকে সতর্ক করতে চাই। বোমাবাজি ও নাশকতা চালিয়ে দেশে ফিরে আসার যে স্বপ্ন দেখা হচ্ছে, তা কখনো বাস্তবায়িত হবে না।

বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে রিজভী বলেন, গত ১৭ বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বেও সেই আন্দোলন অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র, জনতা ও শ্রমিকদের অংশগ্রহণে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। সেই আন্দোলনে অনেক মানুষ আত্মত্যাগ করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই রক্তের দাগ এখনো শুকায়নি। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার আবারও ক্ষমতায় ফিরে আসা, বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লোপাট, সোনালী ব্যাংকের অর্থ বিদেশে পাচার এবং বেসিক ব্যাংকের অর্থ লুটপাটের মতো ঘটনার পুনরাবৃত্তি দেশের মানুষ মেনে নেবে না। একই সঙ্গে বিদেশে একের পর এক ফ্ল্যাট কেনার অভিযোগ তুলে তিনি বলেন, দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পদ গড়ে তোলার রাজনীতি জনগণ আর গ্রহণ করবে না।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখল এবং অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগও তোলেন রিজভী। তিনি বলেন, পূর্বাচলে ৬০ কাঠা জমি শেখ হাসিনা, তার ভাগনি ও মেয়ের নামে নেওয়া হয়েছে। গোটা বাংলাদেশকে নিজেদের জমিদারি মনে করা হয়েছিল। সেই কথিত জমিদারি আবার ফিরে পাওয়ার লক্ষ্যেই টোকাইদের ব্যবহার করে বোমাবাজি ও নাশকতার মাধ্যমে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করে রিজভী বলেন, ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মওলানা ভাসানী। পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। ১৯৫৭ সালেই পাকিস্তানের শাসকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি স্বাধীনতার আকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছিলেন। তার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অবদান নিয়ে নতুন প্রজন্মের জানার পাশাপাশি গবেষণারও অনেক সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সংগ্রামের ইতিহাসে মওলানা ভাসানী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতারা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। এ দেশের মাটি ও মানুষের মধ্য থেকে উঠে আসা নেতৃত্ব এবং জনগণকে বোমাবাজি কিংবা বিদেশ থেকে উসকানি দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা নজরুল হক নান্নু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। সভাটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।