রাজনীতি
১৭ বছরে রেলওয়ে খাতকে অবহেলা ও অবিচারের শিকার হতে হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল
গত ১৭ বছরে দেশের রেলওয়ে খাতের প্রতি ব্যাপক অবিচার ও অবহেলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন। তিনি বলেছেন, দীর্ঘদিনের অবহেলার কারণে বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো ও সেবাব্যবস্থার অনেক কিছুই বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো রেলসেবাকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও জনবান্ধব করে তোলা। উচ্চবিত্ত মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করাই সরকারের একমাত্র উদ্দেশ্য নয়; বরং প্রান্তিক ও সাধারণ জনগোষ্ঠীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন এই কমিউটার ট্রেন সার্ভিস চালুর ফলে চট্টগ্রাম ও নাজিরহাট রুটের যাত্রীরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এবং সাশ্রয়ী খরচে যাতায়াতের সুযোগ পাবেন। যাত্রীদের দৈনন্দিন প্রয়োজন ও সময়ের বিষয়টি বিবেচনায় রেখেই ট্রেনটির সময়সূচি ও সার্বিক ব্যবস্থাপনা নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রীয় ক্রয়প্রক্রিয়া প্রসঙ্গে ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, সরকারি ক্রয়সংক্রান্ত কার্যক্রম একটি নির্দিষ্ট, নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। এ ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতা থাকলেও সেগুলো কাটিয়ে উঠতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রেলওয়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
নতুন ট্রেন সার্ভিস চালুর উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নতুন ট্রেন চালুর পর সময়সূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং পরিচালনাগত বিভিন্ন বিষয় সমন্বয় করতে শুরুতে কিছুটা সময় লাগতে পারে। তবে ধীরে ধীরে সব কার্যক্রম নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। যাত্রীসেবার মান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
রেলওয়ের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ট্রেনের বেশ কয়েকটি বগি নতুন করে সংস্কার করা হয়েছে। পাশাপাশি আরও কিছু বগি আনার প্রক্রিয়া চলমান রয়েছে। রেলওয়ের বহরে নতুন ইঞ্জিন যুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে। এসব নতুন ইঞ্জিন ও সংস্কার করা বগি পর্যায়ক্রমে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হলে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়ার পাশাপাশি যাত্রীসেবার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত জামিল মোহসী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পূর্বাঞ্চলের চিফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলাম।
নতুন কমিউটার ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে চট্টগ্রাম-নাজিরহাট রুটে যাত্রীদের যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দেশের রেলওয়ে খাতের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য উন্নত রেলসেবা নিশ্চিত করার প্রত্যাশাও তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা।